জাবিতে উপাচার্যপন্থীদের হামলায় শিক্ষক-ছাত্রীসহ আহত ৩০

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০২:৩৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ উপাচার্যপন্থীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনায় আন্দোলনকারী শিক্ষক, ছাত্রী এবং দায়িত্বরত তিন সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে নারী শিক্ষার্থীসহ ৭-৮ জন বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে আগে থেকেই সেখানে অবস্থানরত আন্দোলনকারীদের সরিয়ে দিতে চায় ছাত্রলীগ নেতাকার্মীরা। এনিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা পরে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে আন্দোলনকারীদের মারধর শুরু করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে যোগ দেয় উপাচার্যপন্থী কর্মকর্তা-কর্মচারীরাও।

দুপুর দেড়টার দিকে উপাচার্য বাসভবন থেকে বের হয়ে তার কার্যালয়ে যান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করায় ছাত্রলীগসহ শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘ছাত্রলীগ সশস্ত্র হয়ে আমাদের ওপর হামলা চালায়। পিস্তল নিয়ে এসেছে তারা। তারা আমাদের মাড়িয়ে যেতে চায়। আমাদের কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত।’

‘তারা আমাদের শিক্ষক এবং নারী শিক্ষার্থীদেরও পিটিয়েছে, লাথি দিয়েছে, চেয়ার দিয়ে পিটিয়েছে। প্রশাসনের নির্দেশনায় এ হামলা হয়েছে। এই উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে’ যোগ করেন তিনি।

আন্দোলনে শিবির ঢুকেছে দাবি করে উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ‘জামায়াতপন্থী শিক্ষকদের উসকানিতে এই আন্দোলন কিছু সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীর। দুর্নীতির প্রমাণ ছাড়া পদত্যাগ নয়।’

এর আগে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সোমবার সন্ধ্যা ৭টা থেকে জাবি উপাচার্যের অপসারণের দাবিতে তার বাসভবনে অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত