মেক্সিকোয় মাদক ব্যবসায়ীদের গুলিতে ছয় শিশুসহ নয় মার্কিন নাগরিক নিহত হয়েছে।
বিবিসি জানায়, নিহতরা লিবারম্যান ফ্যামিলির সদস্য ছিলেন। খ্রিস্টানদের একটি উপগোষ্ঠী মোরমোনদের থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক দশক ধরে উত্তর মেক্সিকোয় বসবাস করে আসছিলেন তারা।
নিহতরা গাড়িবহর নিয়ে ভ্রমণে বেড়িয়েছিলেন। এ সময় সশস্ত্র মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালায়। নিহতদের মধ্যে ছয়জন শিশু এবং তিনজন নারী বলে জানা গিয়েছে।
মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভুল করে মাদক ব্যবসায়ীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন তারা।
নিউইয়র্ক টাইমসকে ওই পরিবারের এক সদস্য জানান, নিহতদের মধ্যে দুই শিশুর বয়স এক বছরেরও কম।
এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তাদের ‘দারুণ একটি পরিবার’ এবং ‘বন্ধু’ বলে মন্তব্য করেন।
