মির্জাপুরে কোমল পানীয় ‘স্পিড’ পান করে চার জেএসসি পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে। গত সোমবার দুপুরে ইংরেজি পরীক্ষা শেষে ওই পানীয় পান করে তারা অসুস্থ হয়ে পড়ে বলে পরীক্ষার্থীরা জানায়।
অসুস্থ চার জেএসসি পরীক্ষার্থী উপজেলার বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় থেকে মির্জাপুর সদরের সরকারি সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিচ্ছে।
অসুস্থ পরীক্ষার্থীদের উদ্ধারকারী একটি জাতীয় দৈনিকের স্থানীয় সাংবাদিক নিরঞ্জন সাহা জানান, সোমবার ইংরেজি পরীক্ষা শেষে দুপুরে মির্জাপুর বাসস্ট্যান্ডের একটি দোকান থেকে স্পিড নামে কয়েক বোতল পানীয় কিনে তা পান করে ওই শিক্ষার্থীরা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে অটোরিকশার ভেতরেই তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার কিছুটা সুস্থ হলে হাসপাতাল কর্র্তৃপক্ষের কাছ থেকে তিন ঘণ্টার জন্য ছুটি নিয়ে তারা তথ্য ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে তারা আবার হাসপাতালে ফিরে যায়।
বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব মল্লিক বলেন, ‘মেয়েগুলো মরণাপন্ন হয়ে পড়েছিল। এই পানীয়গুলো স্বাস্থ্যসম্মত কি না আপনারা দয়া করে দেখুন।’
কুমুদিনী হাসপাতালের রেজিস্ট্রার ডা. পবিত্রা শারমিন বলেন, খালি পেটে এ ধরনের পানীয় পান করলে এসিড বেড়ে বমিসহ নানা উপসর্গ দেখা দিতে পারে।
