ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুধবার সকালে এই আদেশ জারি করেন।
ইউএনও মো. আব্দুল করিম জানান, সকাল ১০টা থেকে আগামী ৯ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
তিনি জানান, বেশ কিছুদিন থেকে হরিপুর উপজেলায় আওয়ামী লীগের দু’টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। একটি গ্রুপ নিয়ন্ত্রণ করছে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান ও অন্যটি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প।
উপজেলা চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এবং ভাইসচেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহ. সাদেক কুরাইশীর অনুসারী বলে জানায় স্থানীয়রা। এই দুটি গ্রুপের মধ্যে ইতোপূর্বে ৩বার সংঘর্ষও হয়েছিল।
বুধবার সকাল ১১টায় উপজেলার বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একদল কমিটি গঠনের পক্ষে অন্যদল বিপক্ষে। এ জন্য সকাল থেকে দু’টি গ্রুপ লাঠিসোঁটা ও অন্যান্য অস্ত্র নিয়ে বকুয়া ইউনিয়ন অফিসে জমায়েত হতে থাকে।
সংঘর্ষের আশঙ্কায় হরিপুর ইউএনও বকুয়ার চাপধাবাজার এলাকায় অবস্থিত আওয়ামী লীগ অফিস ও চারদিকে ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
