৮ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় কলকাতার আলোচিত চলচ্চিত্র ‘কণ্ঠ’। জয়া আহসান ও পাওলি দাম অভিনীত ছবিটি পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
ছবিটির মুক্তি উপলক্ষে ৬ নভেম্বর দুপুর ১২:৩০ মিনিটে চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়া আহসান, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় উপস্থিত থেকে ছবিটির বিস্তারিত গণমাধ্যম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।
গুলজার বলেন, ‘মান সম্পন্ন শৈল্পিক ছবি পরিবেশন করাই ইমপ্রেস টেলিফিল্মের মূল লক্ষ্য। তিনি আরও জানান, ‘সাফটা’ চুক্তির নীতিমালার ভিত্তিতে বাংলাদেশে ছবিটি একযুগে ২০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে।’
নির্মাতা নন্দিতা রায় বলেন, তার অনেক স্বপ্ন ছিল ‘কণ্ঠ’ বাংলাদেশে মুক্তি পাবে, বাংলাদেশের জনগণ ছবিটি দেখবে। তিনি আরও জানান, ‘কণ্ঠ’ শুধু একটি ছবিই নয়, বেঁচে থাকার একটি লড়াই।
আরেক নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, আমি নতুন করে তেমন কিছু বলতে চাই না, কারণ ছবিতে সব তুলে ধরেছি। দর্শকেরা ছবিটি দেখে ভালো লাগবে বলে তার বিশ্বাস। সংবাদ সম্মেলনে জয়া আহসান ছবিটির গল্প সম্পর্কে এবং এ ছবিতে অভিনয় করতে গিয়ে তার অভিজ্ঞতার কথা জানান। বিশেষ কারণে এ ছবির আরেক অন্যতম অভিনেত্রী পাওলি দাম বিশেষ কারণে বাংলাদেশে আসতে পারেনি।
‘কণ্ঠ’ ছবিটি নির্মিত হয়েছে একজন বাচিক শিল্পীর (রেডিও জোকি) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্প আর সেই কণ্ঠ ফিরে পাওয়ার লড়াই নিয়ে। এ ছবিতে আরও অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, চিত্রা সেন, বিপ্লব দাশগুপ্ত প্রমুখ।
‘কণ্ঠ’ ছবিটি ঢাকাসহ সারা দেশের যেসব প্রেক্ষাগৃহে একইদিন মুক্তি পাবে সে হলগুলোর মধ্যে রয়েছে ঢাকার বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার্স, শ্যামলী সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড ও মধুমিতা, বর্ষা (জয়দেবপুর), বগুড়ার সোনিয়া ও মম ইন, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিনেমাপ্লেস ও আলমাস, ছায়াবানী (ময়মনসিংহ), রূপকথা (পাবনা), শঙ্খ, লিবার্টি (খুলনা), অভিরুচি (বরিশাল), মনিহার (যশোর), চম্পাকলি (টঙ্গী), মডার্ন (দিনাজপুর) এবং নন্দিতা (সিলেট) সহ আরও কয়েকটি সিনেমা হলে মুক্তি পাবে।
এদিকে এ চুক্তির ভিত্তিতে কলকাতায়ও মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম লি. এর আলোচিত ছবি ‘খাঁচা’। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন এ ছবিতে জয়া আহসানের বিপরীতে অভিনীত শিল্পী আজাদ আবুল কালাম ও ছবিটির পরিচালক আকরাম খান। এ ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম প্রমুখ। এ ছবির গল্পে দেখা যাবে ১৯৪৭-এর দেশভাগের পটভূমি। বারবার দেশত্যাগের চেষ্টা করছে একটি পরিবার। কিন্তু বারবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হয় তারা। আর এই টানাপোড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প।
