ব্যস্ত রাস্তায় ট্রাক থামিয়ে মালামাল ওঠানামা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১০:০২ পিএম

ঈশ্বরদীতে দিনের বেলায় রাস্তার ওপর ঘণ্টার পর ঘন্টা ট্রাক থামিয়ে মালামাল ওঠানামা করায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী, বিদেশি নাগরিক ও স্কুল-কলেজগামী হাজার হাজার শিক্ষার্থী।

নিষেধাজ্ঞা থাকলেও প্রতিদিন সকাল থেকেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাকের ডগায় পাবনার ঈশ্বরদী শহরের ব্যস্ততম স্টেশন রোড এবং কলেজ রোডে এই দৃশ্য লক্ষ করা যায়। এতে করে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ও বাগ্বিতণ্ডার ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে রহস্যজনক কারণে নীরব ভ‚মিকা পালন করেন ট্রাফিক পুলিশ ও ব্যবসায়ী নেতারা।

প্রতিদিন দেখা যায়, রাতের বেলায় বিভিন্ন স্থান থেকে মালামাল বোঝাই অসংখ্য ট্রাক শহরের ব্যস্ততম স্টেশন রোড এবং কলেজ রোডের অসংখ্য দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। পরে সকালে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেইসব গাড়ি থেকে মালামাল নামানো হয়। এমনকি বিভিন্ন মালামাল বোঝাই করতেও দেখা যায়।

এই চিত্র বেশি দেখা যায় শহরের ফকিরের বটতলা এলাকায়। এছাড়া পাবনা রোডের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে দিনের বেলায় ট্রাক থামিয়ে মালামাল ওঠানামা করতেও দেখা যায়। এ কারণে প্রতিদিন এসব রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসব বিষয় নিয়ে ইতিপূর্বে অনেক ঝামেলা হলে দিনের বেলায় রাস্তার ওপর ট্রাক থামিয়ে মালামাল ওঠানামা না করার সিদ্ধান্ত হলেও বর্তমানে আবারও সেই কাজ চলছে অনবরত।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কারণে ঈশ্বরদী বাজারে কয়েক হাজার রাশিয়ান নাগরিক সব সময় চলাফেরা করেন। অনেক সময় তাদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়। এসব কারণে ঈশ্বরদী শহরের ব্যাপারে তাদের মনে বিরূপ মনোভাব তৈরি হচ্ছে। এসব বিষয়ে ট্রাফিক পুলিশের কার্যকর ভ‚মিকা নেওয়ার কথা থাকলেও তারা সেটি না করায় সাধারণ জনগণের দুর্ভোগ বেড়েছে বহুগুণে। তাই অবিলম্বে দিনের বেলায় রাস্তার ওপর ট্রাক থামিয়ে মালামাল ওঠানামা না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ ট্রাফিক পুলিশের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা। ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু বলেন, ইতিপূর্বে বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সকাল ১০টার মধ্যে মেইন রোডে এবং কলেজ রোডে মালামাল ওঠানামার সময় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেই সময় উপেক্ষা করায় বাজারে যানজটের মাত্রা বেড়ে যাচ্ছে। ব্যবসায়ীদের বিষয়টি মাথায় রেখেই কার্যকর ভ‚মিকা রাখা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত