বিএনপি থেকে মাহবুবুরের পদত্যাগকে গুজব বললেন স্ত্রী

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১১:০৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান দল থেকে পদত্যাগ করেছেন বলে বুধবার রাতে গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে জানতে মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তার স্ত্রী নাগিনা মাহবুব দেশ রূপান্তরকে বলেন, এটা গুজব। 

মাহবুবুরের ব্যক্তিগত সহকারী মো. শফিক বিষয়টি অস্বীকার করেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে বলেন, তার কাছে কেউ পদত্যাগপত্র দেয়নি। এ বিষয়ে তিনি কিছু জানেন না।

তবে একটি গণমাধ্যম দাবি করছে, এ প্রসঙ্গে মাহবুবুর রহমান বলেছেন, ‘কথাটা ঠিক, আমি রাজনীতি করি না। রাজনীতি থেকে সরে এসেছি। আমি রিজাইন করেছি দল থেকে। দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রাথমিক সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছি। দেড় মাস থেকে দুই মাস আগে।’

কী কারণে অবসর, এমন প্রশ্নের জবাবে লে. জে. (অব.) মাহবুব বলেন, ‘কারণ হচ্ছে আমি বয়স্ক মানুষ। সামনের ডিসেম্বরে ৮০ বছর পূর্ণ হবে। রাজনীতিতে কনট্রিবিউট করার মতো আমার কিছু নেই।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত