দিনাজপুরের বিরামপুরে রেললাইন ভেঙে যাওয়ায় পঞ্চগড়-ঢাকা, নীলফামারী-রাজশাহী ও নীলফামারী-খুলনা পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর রেলস্টেশনের অদূরে পলাশবাড়ি রেলগেটের পাশে এ ঘটনা ঘটে।
বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত কুমার জানান, সকালে পলাশবাড়ি রেলগেটের উত্তর পাশে প্রায় দেড় ফুট অংশের লাইন ভাঙা দেখতে পেয়ে স্টেশনে খবর দেন গেটম্যান। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করা হয়। খবর পেয়ে রেল কর্র্তৃপক্ষ উভয় দিকে চলাচলকারী ট্রেনকে বিভিন্ন স্টেশনে থামিয়ে দেয়।
হিলি সাব জোনাল কার্যালয়ের প্রকৌশলী আবদুস সালাম জানান, পরে হিলি থেকে লোকজন এসে রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
