বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তার লাশ গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের নেতাকর্মীরা।
বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশে সাদেক হোসেন খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এরপর মরহুমের মরদেহ সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
বাদ যোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বিকেল ৩টায় অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়রের মরদেহ এই ঢাকা (দক্ষিণ) সিটি করপোরেশনে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ তার নিজ বাসভবনে নেওয়া হবে।
বাদ আছর মরদেহ নিজ বাসভবন থেকে ধূপখোলা মাঠে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে জুরাইন কবরস্থানে মা-বাবার পাশে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।
স্থানীয় সময় রবিবার রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিট) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের বিশেষায়িত হাসপাতাল মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে মারা যান চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা (৬৭)।
