পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে একটি সোনার খনির কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুকধারীদের হামলায় ৩৭ জন নিহত হয়েছে। গত বুধবারের এই ঘটনায় আহত হয় ৬০ জনের বেশি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার সেমাফো কোম্পানি পরিচালিত অ্যাস্টে এলাকার বোউনগৌ খনিতে সামরিক পাহারায় পাঁচটি বাসে করে কর্মীদের নেওয়ার সময় রাস্তায় হামলাটি হয়।
অ্যাস্টের গভর্নর দপ্তর জানিয়েছে, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা সেমাফোর কর্মীদের বহনকারী একটি গাড়িবহরের ওপর চোরাগোপ্তা হামলা চালায়। এতে অন্তত ৩৭ বেসামরিক লোক নিহত ও ৬০ জনেরও বেশি আহত হয়েছেন।
হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে অ্যাস্টের গভর্নর দপ্তর থেকে দেওয়া হতাহতের সংখ্যায় তাদের অন্তভুক্ত করা হয়নি।
নিরাপত্তা সূত্রগুলোর ভাষ্যমতে, বহু সংখ্যক লোক নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রয়টার্স।
