পবিপ্রবিতে বিক্ষোভ-ধর্মঘট প্রশাসনিক ভবনে তালা

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১১:৩৩ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য আলাদা ইউনিটসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেছেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় ওই ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকগুলোতে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

এর আগে সিএসইকে আলাদা ইউনিটকরণ, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা ৮.০০, ল্যাবসংকট দূরীকরণসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে রেজিস্ট্রার বরাবর একটি স্মারকলিপি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় তারা সেখানে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। সিএসই অনুষদের শিক্ষার্থী মো. তানভির আহম্মেদ খান দেশ রূপান্তরকে জানান, সিএসই বিভাগের সঙ্গে আইন ও ভূমি প্রশাসন অনুষদের সমন্বয় করে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর পরই আন্দোলনে নামেন তারা।

সিএসইর আরেক শিক্ষার্থী আবদুল্লাহ নাঈম বলেন, ‘আমরা যৌক্তিক দাবি নিয়েই আন্দোলনে এসেছি। দাবি মানা না হলে সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। এই দাবি মানার প্রশ্নই আসে না। আমরা গত বছরও একইভাবে পরীক্ষা নিয়েছি, এবারও তা-ই হবে। যেহেতু আইনের সঙ্গে ভূমি প্রশাসন আছে সে জন্য এক ইউনিটেই পরীক্ষা নেওয়া হবে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত