‘বুলবুল’ মোকাবেলায় মোংলা বন্দরে বিশেষ সতর্কতা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১২:৩৮ পিএম

সুন্দরবন উপকূলে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর প্রভাবে ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

শুক্রবার সকাল থেকে মোংলাসহ সব সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ বর্তমানে মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি শনিবার মধ্যরাত নাগাদ খুলনা-বরিশাল উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর ক্ষয়ক্ষতি মোকাবেলায় মোংলা সমুদ্রবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। খোলা হয়েছে তিনটি কন্ট্রোল রুম।

বন্দরে এই মুহূর্তে মেশিনারি, ক্লিংকার, সার, জিপসাম, পাথর, সিরামিক ও কয়লাসহ দেশি-বিদেশি মোট ১৪টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে।

এসব জাহাজে পণ্য খালাসে সতর্কতা জারি করা হয়েছে বলেও জানান বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন।

কন্ট্রোল রুম খোলা হয়েছে উপজেলা প্রশাসনেও। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান জানান, প্রবল ঘূর্ণিঝড়ের কারণে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান জানান, ঘূর্ণিঝড়ের অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থা প্রতিকূল হলে দুবলার চরে জেলেদের মাছ ধরতে অনুমতি দেওয়া হবে না।

এরই মধ্যে বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতি সত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত