ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হওয়ায় সমালোচনায় মিসবাহ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০৯:১৪ এএম

পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচক তিনি। তার মধ্যে হলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি- টোয়েন্টির দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচ। তাতে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন মিসবাহ-উল-হক।

ফ্র্যাঞ্চাইজিটি থেকে সদ্য বরখাস্ত হওয়া জিন জোন্সের জায়গায় মিসবাহকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইসলামাবাদ। এর আগেও দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক।

কোনো দেশের প্রধান কোচের দায়িত্বে থাকা কাউকে সেদেশেরই ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে কাজ করতে কমই দেখা যায়। তাই এবার মিসবাহর ইসলামাবাদের কোচ হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না পাকিস্তানের ক্রিকেট ভক্তরা।

অনেকে মনে করছেন, ব্যাপারটি মিসবাহর স্বার্থের সংঘাত ডেকে আনবে। যদিও ইসলামাবাদ ইউনাইটেড এখনো আনুষ্ঠানিকভাবে মিসবাহর নাম ঘোষণা করেনি। তবে পাকিস্তানের ক্রিকেট মিডিয়ার বদৌলতে বিষয়টি এখন আর অজানা নয়।

মিসবাহর ইসলামাবাদের দায়িত্ব নেওয়ার বিষয়ে পিএসএলের বাকি পাঁচ ফ্র্যাঞ্চাইজিও ঘোর আপত্তি জানিয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আপত্তিকে গ্রাহ্যই করেনি।

মিসবাহ পিএসএলের দলের সাথে সংশ্লিষ্ট থাকলে দল গঠনের সময় তার একটা প্রভাব থাকবেই। অনেকে সমাধানতাও বাতলে দিচ্ছেন- প্লেয়ার ড্রাফটের দিন যেন মিসবাহকে ‘দূরে-দূরে’ রাখা হয়!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত