হলের সিট নিয়ে ইডেনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০৩:১২ পিএম

রাজধানীর ইডেন মহিলা কলেজের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের একটি সিট দখলে নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সংগঠনটির ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের ২১৯ নম্বর কক্ষে নাবিলা নামে এক বহিরাগতকে রাখতেন ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবা নাসরিন রুপা। তাকে হল থেকে বের করতে যায় আরেক যুগ্ম আহ্বায়ক আঞ্জুমান আরা অনুর কর্মীরা। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে কয়েকজনকে মারধর ও সাবিকুন্নাহার তামান্না নামে একজনের হাতে বটি দিয়ে কোপ দেয় রুপা। অন্যপক্ষ রুপার সঙ্গীদের ওপর পাল্টা হামলা করে।

পরে বহিরাগত নাবিলাকে লালবাগ থানায় হল প্রশাসনের মাধ্যমে সোপর্দ করা হয়। ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার বিষয়ে জানতে চাওয়া হলে রুপা বলেন, “আমি প্রথমে খবর পেয়েছিলাম নাবিলা নামের একটা মেয়েকে তারা মারধর করেছে। খবর পেয়ে গেলে আমাকে মারধর করে কাপড় ছিঁড়ে দেওয়া হয়। তারা ৬টি হলের প্রত্যেকটি পলিটিক্যাল রুমে গিয়ে রুমের কর্মীদের মারধর করেছে।”

এ দিকে অনু বলেন, “আমি ক্যাম্পাসে ছিলাম না, ঘটনার পরে আসছি। আমি কাউকে মারধর করিনি। সিসিটিভির ফুটেজ রয়েছে। আপনি ইডেন কলেজ প্রিন্সিপালের কাছ থেকে জানতে পারেন।”

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন বলেন, “আমরা শুনেছি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইডেন কলেজ প্রিন্সিপালের সঙ্গে কথা বলছেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত