গ্রামবাসীদের বুদ্ধিমত্তায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের তিন শতাধিক যাত্রী। এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
পার্বতীপুর চিরিরবন্দর রেলপথের মধ্যবর্তী হোসেনপুর এলাকায় শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রেললাইন দেবে গিয়ে ফিশ প্লেট ভেঙে গেছে দেখতে পেয়ে লাল পতাকা উত্তোলন করে ট্রেন থামানোয় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। পরে রেললাইন মেরামত করে ৮টা ১০ মিনিটে ট্রেনটি পুনরায় দিনাজপুর অভিমুখে ছেড়ে যায়।
পার্বতীপুর রেল স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ৭৫৭ নং আপ ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে পার্বতীপুর রেল স্টেশন থেকে দিনাজপুর অভিমুখে ছেড়ে যায়।
জানা যায়, হোসেনপুর গ্রামের আব্দুল মান্নান সকাল ৭টার দিকে রেল লাইনে ধরে মাঠে যাওয়ার সময় রেল লাইনের ভাঙা অংশটি তার চোখে পড়ে। তিনি দ্রুত বাড়ি থেকে একটি লাল কাপড় সংগ্রহ করে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে কাপড়টি রেললাইনের ওপর তুলে ধরেন। কিছুক্ষণের মধ্যে পার্বতীপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ঘটনাস্থলে এসে লাল কাপড় ও লোকজনের জটলা দেখে চালক ট্রেনটিকে থামিয়ে দেয়।
রেল লাইনের কিছু অংশ ভেঙে পড়ার ঘটনা জানার পর চালক ও ট্রেনের পরিচালক (গার্ড) বিষয়টি রেল কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে রেলের যান্ত্রিক বিভাগের কর্মীরা এসে ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামতের পর প্রায় ১ ঘণ্টা বিলম্বে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এতে স্থানীয় গ্রামবাসীর সতর্কতায় অল্পের জন্য রক্ষা পায় আন্তনগর ট্রেনের যাত্রীরা।
দ্রুতযান এক্সপ্রেসের পরিচালক (গার্ড) আজিজার রহমান বলেন, স্থানীয় লোকজনের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার কবল থেকে ট্রেনটি রক্ষা পায়। এসি বার্থ, এসি চেয়ার, শোভন চেয়ারসহ ১১ কোচের ট্রেনটিতে তিন শতাধিক যাত্রী ভ্রমণ করছিলেন।
ওই ট্রেনের যাত্রী হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএসসি অনার্স শেষ বর্ষের ছাত্র কবির হোসেন ও পার্বতীপুর সরকারী ডিগ্রি কলেজের ছাত্র সোহাগ আলী জানান, চলন্ত গাড়িটি হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।
পার্বতীপুর রেল স্টেশনের সহকারী মাস্টার আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেনটিতে চালক হিসেবে ফখরুল হাসান ও সহকারী চালক হিসেবে ফরিদ হাসান ছিলেন।
