নিজেদের জাদুঘরে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের একটি ভাস্কর্য বসিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে পাকিস্তান বিমানবাহিনী।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, করাচিতে পাক বিমানবাহিনীর ওয়ার মিউজিয়ামে অভিনন্দনের ভাস্কর্যটি স্থাপন করা হয়।
এনিয়ে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভারত ও পাকিস্তানের নেটিজেনরা পরস্পরের তীব্র সমালোচনা ও কটাক্ষ করছেন।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে বিমান হামলার পর ভারতে পাল্টা হানা দেয় পাক বিমানবাহিনী। তাদের ধাওয়া করতে গিয়ে মাঝ আকাশে ‘ডগ ফাইটে’ অভিনন্দনের বিমানটি ভূপাতিত হয় এবং তিনি পাকিস্তানের হাতে বন্দি হন।
‘উত্তেজনা কমানোর অংশ হিসেবে’ দুই দিন পর অভিনন্দনকে ভারতের কাছে ফেরত দেয় ইমরান খান সরকার। ওই গোটা ঘটনাটি জাদুঘরে ফুটিয়ে তোলা হয়েছে।
পাক সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার লোধি টুইটারে লিখেছেন, ‘পাক বিমানবাহিনীর মিউজিয়ামে অভিনন্দনের ম্যানিকুইন প্রদর্শনের জন্য রেখেছে। ওর হাতে চায়ের কাপ ধরাতে পারলে বিষয়টি আরও আকর্ষণীয় হতো।’
নিজেদের হেফাজতে থাকা অবস্থায় অভিনন্দনের একটি ভিডিও প্রকাশ করে পাক বিমানবাহিনী। এতে জেরার সময় তাকে চায়ে চুমুক দিতে দেখা যায়। এমনকি সেই চায়ের মান নিয়েও তাকে প্রশংসা করতে শোনা যায়। জাদুঘরে সেই বিষয়টিও বাদ যায়নি।
আনোয়ার লোধির টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যায়, অভিনন্দনের পাশে দাঁড়িয়ে আছে এক পাক সেনাসদস্য। পেছনে কাচের পাটাতনে অভিনন্দনের ব্যবহৃত চায়ের কাপটিও দেখা যাচ্ছে।
এর আগে ক্রিকেট বিশ্বকাপে পাক-ভারত ম্যাচের আগে পাকিস্তানের একটি চ্যানেলে অভিনন্দনকে নিয়ে ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন দেখানো হয়েছিল। এনিয়ে তখন সামাজিক মাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।
