বলিভিয়ার পদত্যাগকারী প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০৭:০৫ পিএম

বলিভিয়ার পদত্যাগ করা প্রেসিডেন্ট এভো মোরালেসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রবিবার মোরালেস নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

আনাদলু জানায়, ভোট কারচুপির অভিযোগে জনগণের বিক্ষোভের মুখে পড়েন মোরালেস। একপর্যায়ে সেনাবাহিনীর আহ্বানে তিনি পদত্যাগ করেন। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোরালেস দাবি করেন, ‘ক্যু ষড়যন্ত্রকারীরা বলিভিয়ার গণতন্ত্রকে ধুলায় মিশিয়ে দিয়েছে।’ এতে তিনি আরও জানান, তার বিরুদ্ধে অবৈধ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২০ অক্টোবর প্রথম দফা নির্বাচনে ৪৭.৮ শতাংশ পেয়ে জয় লাভ করেন মোরালেস। নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভে নামে বিরোধী রাজনৈতিক দলগুলো।

এ সপ্তাহের শুরুতে তার সমর্থকদের অনেকের ওপর হামলা হয়েছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

‘সুস্পষ্ট কারচুপি’র প্রমাণ পাওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা রবিবার নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানায়।

বলিভিয়ার নির্বাচন কর্তৃপক্ষ ঢেলে সাজানোর পর মোরালেস পর্যবেক্ষকদের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হন। একই সঙ্গে নতুন নির্বাচন আয়োজন করার ঘোষণা দেন।

তবে রাজনীতিবিদ, পুলিশ এবং সেনাবাহিনী ইভো মোরালেসকে নির্বাচন থেকেও সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে মোরালেস বলেন, তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন। একই সঙ্গে হামলা ও ভাঙচুর বন্ধ করতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরা ইতিমধ্যে পদত্যাগ করেছেন।

এই সিদ্ধান্তের পর বিক্ষোভকারীরা পথে নেমে আসে এবং আনন্দ মিছিল করে।

নির্বাচনের রাতে কোনো ব্যাখ্যা ছাড়াই ২৪ ঘণ্টার জন্য ভোট গণনা বন্ধ রাখার পর প্রথম উত্তেজনা তৈরি হয়। পরে ইভো মোরালেসকে বিজয়ী ঘোষণা করা হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সহিংস বিক্ষোভে কমপক্ষে তিনজন প্রাণ হারান। পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন কিছু পুলিশ সদস্যও।

এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ওপর কোনো সশস্ত্র গোষ্ঠী হামলা করলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন বলেও হুঁশিয়ারি দেয় সেনাবাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত