পানিতে দাঁড়িয়ে আছেন একজন নারী। মাথা ন্যাড়া, গর্ভবতী। এমনি এক স্থিরচিত্র ভাইরাল হয়েছিল কিছুদিন আগে। ছবিটি একটি সিনেমার পোস্টার। পোস্টারের ওপর লেখা ‘হার না মানা নদীর গল্প’। ওই পোস্টারটি ছিল রাশিদ পলাশ পরিচালিত ‘পদ্মাপুরান’ ছবির।
দর্শকদের কৌতূহল মেটাতে পরিচালক এবার আনলেন সিনেমাটির টাইটেল গান। ১১ নভেম্বর বুধবার লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘পাখি’ শিরোনামের গানটি।
পাখি শিরোনামের গানটি লিখেছেন তানিয়া নূর, সুর ও সংগীত করেছেন নির্ঝর চৌধুরী। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী [কলকাতা ] ও নির্ঝর চৌধুরী। প্রকাশের সঙ্গে সঙ্গেই অনেকে গানটির কমেন্ট বক্সে প্রশংসা করেছেন। শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।
কী আছে ছবিটিতে, কি দেখবে মানুষ? পরিচালক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার ধরন পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে প্রকৃতির রূপ-বৈচিত্রও। মানিক বন্দোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসে পদ্মার যে রূপ দেওয়া আছে সেই রূপ এখন আর খুঁজে পাওয়া যায় না। আমরা মানিক বন্দোপাধ্যায়ের কুবের, মালা, কপিলাদের খুঁজার চেষ্টা করেছি এই সময়ের প্রেক্ষাপটে। সেই চরিত্রগুলো যদি এখনো বেঁচে থাকতেন তাহলে তাদের অবস্থান কি হতো। পেশায় বা কি হতো? এসবই তুলে ধরার চেষ্টা করেছি। বলতে পারেন পদ্মার পাড়ের মানুষের জীবন চিত্র তুলে ধরার চেষ্টা করেছি ‘পদ্মাপুরাণে। ’
‘পদ্মাপুরান’ সিনেমায় অভিনয় করেছেন সাদিয়া আফরিন মাহি। ছবিতে কপিলা চরিত্রে দেখা যাবে প্রসূন আজাদকে। শম্পা রেজা অভিনয় করছেন শিখণ্ডী (তৃতীয় লিঙ্গ) সম্প্রদায়ের প্রধানের চরিত্রে। আর চম্পা অভিনয় করছেন একজন মাদক ব্যবসায়ীর ভূমিকায়। এ ছাড়া আরও আছেন সুমিত সেনগুপ্ত, জয়রাজ, কায়েস চৌধুরী, হেদায়েত নান্নু।
