শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫টি চিনিকলের মধ্যে অধিকাংশের অর্থনৈতিক আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়েছে। এসব চিনিকল পর্যায়ক্রমে সুষমকরণ, আধুনিকীকরণ ও প্রতিস্থাপন (বিএমআর) প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বর্তমানে বিএমআর অব কেরু অ্যান্ড কোম্পানি বিডি লিমিটেডের (প্রথম সংশোধিত) প্রকল্পটি বাস্তবায়নাধীন। গতকাল সোমবার জাতীয় সংসদে নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সারা বছর চিনিকল চালু রাখার লক্ষ্যে ও মৌসুমি ‘র’ সুগার আমদানিপূর্বক হোয়াইট সুগার উৎপাদনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নাটোর জেলায় অবস্থিত নর্থ বেঙ্গল চিনিকলে কো-জেনারেশন পদ্ধতিতে অমৌসুমে বিদ্যুৎ ও হোয়াইট সুগার উৎপাদনের জন্য একটি প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন।’
