ইডেন কলেজে ফের প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী আহত

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০১:৫৫ এএম

রাজধানীর ইডেন মহিলা কলেজে অবৈধ সিট বাণিজ্য ও বহিরাগতদের হলে থাকা নিয়ে ছাত্রলীগের এক নেত্রী নিজ সংগঠনেরই আরেক নেত্রীকে কোপানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক ছাত্রী মারধরের শিকার হয়েছে। গতকাল সোমবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে। সুস্মিতা বাড়ৈ নামে আহত ওই ছাত্রলীগ কর্মীকে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা দেশ রূপান্তরকে জানান, হলের সিট বাণিজ্য ও সিট নিয়ন্ত্রণ করা নিয়ে গতকাল সকালে কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন যুগ্ম আহ্বায়ক মিলে ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের ছাত্রলীগ কর্মী সুস্মিতা বাড়ৈয়ের ওপর হামলা চালান। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা জান্নাত, রিভা আক্তার, পাপিয়া আক্তার প্রিয়া, পাপিয়া রায়, বীথি আক্তার, জারিন পূর্ণি ও ইতি আক্তারসহ আরও কয়েকজন মিলে সুস্মিতাকে মারধর করেন। সুস্মিতা ইডেন কলেজের ২০১৪-১৫ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। পরে সহপাঠীরা আহত সুস্মিতাকে হাসপাতালে ভর্তি করেন।

ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা জানান, বেশ কয়েক দিন ধরে হলের রাজনৈতিক কক্ষগুলো কলেজ ছাত্রলীগের সদস্যরা তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে যুগ্ম আহ্বায়করা চেষ্টা করছেন তাদের নিয়ন্ত্রণ ধরে রাখতে। প্রথম বর্ষে যারা ভর্তি হবেন, সেই শিক্ষার্থীদের টাকার বিনিময়ে হলে তুলে সিট বাণিজ্যের লক্ষ্যে এসব চলছে। বর্তমানে হলে সিট বাণিজ্যের পুরোটা নিয়ন্ত্রণ করেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়করা।

এর আগে গত শনিবার সিট বাণিজ্য নিয়ে দ্বন্দ্বের জেরে কলেজের আহ্বায়ক কমিটির সদস্য সাবিকুন্নাহার তামান্নাকে বঁটি দিয়ে কোপান কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত