ব্রাহ্মণবাড়িয়া ট্র্যাজেডি সরকারের শিথিলতার ফল: ফখরুল

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০১:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তির জন্য সরকারের শিথিলতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহাসড়ক-রেলপথ-নৌপথে মর্মান্তিক দুর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতেও কখনোই ভ্রুক্ষেপ করা হয় না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ট্রেন দুর্ঘটনাসহ সড়ক ও নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটলেও যথাযথ কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের শিথিলতার কারণেই দুর্ঘটনা এখন চরম মাত্রা লাভ করেছে।

এজন্য সরকারের উদাসীনতা ও অবহেলাকে করে তিনি বলেন, সরকার বিরোধী দলসহ গণতান্ত্রিক শক্তি দমনে যত তৎপর, তার কিঞ্চিৎ পরিমাণও জনদুর্ভোগ কমাতে উদ্যোগী নয়।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমানে দেশে আইনের শাসনের বদলে একদলীয় শাসনের কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, অনাচার আর দুরাচারের প্রতাপ বৃদ্ধি এবং লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সরকারের জবাবদিহিতা নেই বলেই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি সব সময় অবহেলিত ও উপেক্ষিত থাকছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত এবং শতাধিক আহত হন। দুর্ঘটনার জন্য একটি ট্রেনের চালকের ভুলকে দায়ী করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত