‘সরকার না পেয়ে’ রাষ্ট্রপতির শাসন মহারাষ্ট্রে

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১০:২৭ পিএম

কোনও দল সরকার গঠন করতে না পারায় রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে ভারতের মহারাষ্ট্রে। ভারতীয় সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সই করেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

অন্যদিকে সরকার গঠনের জন্য মাত্র এক দিন সময় দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে বিরোধীরা। তালিকায় আছে শিবসেনাও। তারা আদালতের দ্বারস্থ হয়েছে।

রাজ্যটিতে সরকার গঠন করতে না পারায় সাংবিধানিকভাবে প্রথমে রাজ্যপাল কেন্দ্রকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন। এর পরেই ব্রাজিল সফর বিলম্বিত করে জরুরি পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে রাষ্ট্রপতি শাসনের পক্ষে সায় দিয়ে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করার জন্য রাষ্ট্রপতি ভবনকে সুপারিশ করে মন্ত্রিসভা। সেই বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সই করার পরেই সাংবিধানিকভাবে মহারাষ্ট্রে কার্যকর হল ৩৫৬ ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রের রাজ্যপাল গত ১৫ দিন ধরে আলোচনা করেছেন। কিন্তু কোনও দলই সরকার গঠন করতে পারেনি। তাই রাষ্ট্রপতি শাসনই সবচেয়ে ভালো বিকল্প বলে মনে করেছেন রাজ্যপাল।

বিজেপি সরকার গঠনে দাবি না জানানোয় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে শিবসেনাকে সরকার গঠনের জন্য ডাকেন রাজ্যপাল। তাদের সময় ছিল সোমবার সন্ধ্যা সাড়ে আটটা পর্যন্ত। কিন্তু সেই সময়ের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের সমর্থনপত্র দিতে না পারায় এনসিপিকে ডাকেন রাজ্যপাল।

এনসিপির সময় ছিল মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত। কিন্তু তার আগেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় মহারাষ্ট্রে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত