কিশোরগঞ্জে তিন পুলিশকে কুপিয়েছে আসামিরা

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১১:৪৪ পিএম

কিশোরগঞ্জে আসামি ধরতে গেলে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে আসামিরাসহ তাদের পক্ষের লোকজন। গত সোমবার রাত ১২টার দিকে জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন তাড়াইল থানার উপ-পরিদর্শক রাজিবুল ইসলাম (৩৭), সহকারী উপ-পরিদর্শক হেমন্ত রায় (৪০) ও মিজানুর রহমান (৩৬)। এদের মধ্যে গুরুতর অবস্থায় রাজিবুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তাড়াইল থানার ওসি মজিবুর রহমান বলেন, সোমবার মধ্যরাতে একটি মামলার আসামিদের ধরতে উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে যায় পুলিশের একটি দল। আসামিদের ঘর থেকে ধরে আনতে গেলে এ সময় আসামিরাসহ তাদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় নয়জনকে আটক করে। তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। অন্য হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত