রূপগঞ্জে ৯ ইটভাটাসহ অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১১:৪৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পঞ্চম দফায় প্রথম দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী হাকিম এসএম হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালায়। এ সময় উপজেলার খৈসাইর এলাকায় নদীতীর দখল করে গড়ে ওঠা হানজালা টেক্সটাইলের দেয়াল ও টিনশেড ঘর, রেডিয়েন্ট শিপইয়ার্ডের আধাপাকা ঘর, এসএস ফুড কারখানা, নয়টি ইটভাটাসহ প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় জব্দ করা মালামাল নিলামে ৮ লাখ ৮১ হাজার টাকায় বিক্রি করা হয়।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মো. শহীদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেখ মাসুদ কামাল জানান, উচ্চ আদালতের নির্দেশে নদীকে অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হয়েছে। অবৈধ দখলদাররা যত প্রভাবশালী হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত