খাগড়াছড়িতে অসহায় দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা বাবদ এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
বুধবার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স হল রুমে এ চেক বিতরণ করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংহ্লামং চৌধুরীর সঞ্চালনায় পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে প্রধান অতিথি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এ চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য শতরূপা চাকমা।
প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রতিনিয়ত কাউকে না কাউকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবার জেলার বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ও দুর্ঘটনায় আহত ৬০ জন রোগীর মাঝে ১০ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
তিনি বলেন, কিছু আর্থিক সহযোগিতা দেওয়া ছাড়া কোনো রোগীকে সুস্থ করার ক্ষমতা পরিষদের নেই। তবে তিনি এ সহযোগিতায় রোগীরা কিছুটা হলেও উপকৃত হবে বলে মনে করেন।
চিকিৎসা ছাড়া যেন অন্য কোনো কাজে টাকাগুলো ব্যয় না করে সে অনুরোধ জানান তিনি।
এ ধরনের আর্থিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান।
