প্রথম দুই সেট হেরে কিরগিজস্তানের বিপক্ষে কোণঠাসা হয়ে পড়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু পরের সেট জিতে নিয়ে ঘুরে দাঁড়ানো বিথি-সাবিনাদের। এরপর বাকি দুই সেটেও জয় তুলে নিয়ে ম্যাচ নিজেদের করল বাংলাদেশ।
বুধবার বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবলে কিরগিজস্তানকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটিতে প্রথম সেট ২৫-০৯ ও দ্বিতীয় সেট ২৫-১৫ পয়েন্টে হারে বাংলাদেশ। এরপর তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। বিথি-সাবিনারা তৃতীয় সেট জিতে নেন ২৫-২১ পয়েন্টে।
চতুর্থ সেটে ২৫-১৭ ব্যবধানে জিতে বাংলাদেশ সমতায় ফিরে জমিয়ে তোলে ম্যাচ। পঞ্চম সেট ১৫-১১ ব্যবধানে জিতে জয়ের উৎসবে মাতে বাংলাদেশ। বৃহস্পতিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একই প্রতিপক্ষের (কিরগিজস্তান) মুখোমুখি হবে বাংলাদেশ।
জয়ের প্রতিক্রিয়ায় বাংলাদেশ কোচ গোলাম রসুল খান মেহেদী বলেন, ‘দুই সেটে পিছিয়ে পড়ার পর মেয়েদের বলেছিলাম, ভেঙে পড়ার দরকার নেই। আত্মবিশ্বাস রাখো। ভুলগুলো করো না, খেলা ৫ সেটে গড়াবে।’
তৃতীয় স্থানে থেকে এখন আসর শেষ করার লক্ষ্যের কথা জানান কোচ, ‘মেয়েদের ভুলগুলো শুধরে দেওয়ার কারণে পরের সেটগুলোয় জিতেছে। কাল এই দলের বিপক্ষে খেলতে হবে। আজকের ম্যাচ নিয়ে মেয়েদের সঙ্গে কথা বলব। সেখানে আজকের ভুলগুলো দেখিয়ে দেওয়া হবে। আশা করি, কাল ভালো একটা লড়াই দিয়ে জিতব এবং তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করব।’
এদিকে দিনের প্রথম ম্যাচে জয় তুলে নেয় নেপাল। মালদ্বীপকে ৩-০ সেটে হারায় দলটি। প্রথম সেট ২৫-১৪, দ্বিতীয় সেট ২৫-০৫ ও তৃতীয় সেট ২৫-১৩ পয়েন্ট জিতে নেপাল।
টানা চার জয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে নেপাল। হারলেও মালদ্বীপেরও নিশ্চিত হয়েছে ফাইনাল। বৃহস্পতিবার শিরোপার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে দলটি।
পাঁচ দলের এই আসরে লিগ পর্বে বাংলাদেশ জিতেছে চার ম্যাচের দুটিতে। আফগানিস্তানকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতা শুরু করে স্বাগতিক মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ০-৩ সেট ও তৃতীয় ম্যাচে নেপালের কাছে একই ব্যবধানে হার মানে। চতুর্থ ম্যাচে জয় পেল কিরগিজস্তানের বিপক্ষে।
