পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি গতকাল বুধবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা যায়, পরিবেশবান্ধব ও সৌরশক্তিকে কাজে লাগিয়ে এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ঘণ্টায় ৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে তেঁতুলিয়া ও পঞ্চগড়ে সরবরাহ করা হবে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, পুরো পঞ্চগড়ের মানুষ এর সুফল পাবে।
