ট্রাম্পের অভিশংসন: প্রকাশ্য শুনানিতে নতুন তথ্য

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০৮:৩১ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করতে যে তদন্ত শুরু হয়েছে তার প্রকাশ্য শুনানিতে নতুন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন।

শুনানিতে উপস্থিত শীর্ষ কূটনীতিক বিল টেলর ট্রাম্পের আরেকটি ফোনকলের কথা উল্লেখ করেন। সেখানেও তিনি ইউক্রেনকে নিজ দেশের বিরোধী রাজনীতিবিদদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিতে বলেন।

ট্রাম্প আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্র্যাট নেতা জো বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে চাপ দিয়েছেন বলে অভিযোগ আছে। এ অভিযোগেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করেছে ডেমোক্র্যাটরা। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।

জ্যেষ্ঠ ডেমোক্র্যাট প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জো বাইডেনকে কালিমালিপ্ত করতে ট্রাম্প বিদেশি সাহায্য চেয়েছেন এবং এক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে তিনি দর-কষাকষির হাতিয়ার করেছেন।

প্রকাশ্য শুনানি শুক্রবারও সরাসরি দেখানো হবে টিভিতে। চলতে পারে আগামী সপ্তাহেও। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করছেন। তাই এই সরাসরি সম্প্রচার দেখছেন না!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত