মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

পেঁয়াজ সিন্ডিকেটের হাতে সরকার জিম্মি থাকতে পারে না

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১১:১৪ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সরকার কোনো সিন্ডিকেটের হাতে জিম্মি থাকতে পারে না। তাই জনগণের কাছে পেঁয়াজ তুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করছে সরকার। তা খুব শিগগিরই চালু হবে। মন্ত্রী গতকাল শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকারি কর্মচারীরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায়, তাই তাদের কাজে কোনোরকম ফাঁকি দেওয়া চলবে না। ডাক্তারদের বিরুদ্ধে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগ রয়েছে। এ সমস্যা সমাধানে আগামী এক মাসের মধ্যে নতুন করে ৬ হাজার ডাক্তার নিয়োগ করা হবে। এরপরও ফাঁকি দিলেই ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৌশলীরাও কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ ফাঁকিবাজদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

মন্ত্রী উপজেলার দেওয়াইর বাজার এলাকায় ৭ শতাধিক ও উপজেলা পরিষদ মিলনায়তনে ৮ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, ইউএনও কাজী রফিকুল আমীন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত