ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় মারা যাওয়া স্কুলশিক্ষিকা নওশিদ আহমেদ দিয়ার (২৯) লাশ দাফনের ১০ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের শেরপুরের কবরস্থান থেকে এ লাশ উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদসহ মামলার তদন্ত কর্মকর্তা ও আইনজীবী উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মুন্সেফপাড়া ক্রিসেন্ট কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা নওশীন আহাম্মদ দিয়া সন্তানসম্ভবা অবস্থায় গত ৩০ অক্টোবর খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। পরে আগাম অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের পর সুস্থ হওয়ার আগেই তাকে রিলিজ দিয়ে দেওয়া হয়। এরপর ৪ নভেম্বর পুনরায় দিয়ার শরীর খারাপ হলে তাকে আবার ওই হাসপাতালে নিলে হাসপাতালটির পরিচালক ডা. ডিউক চৌধুরী, অরুণেশ্বর পাল অভি ও শাহাদাত হোসেন রাসেল ভুল ইনজেকশন এবং ভুল ওষুধ প্রয়োগ করলে ঢাকায় নেওয়ার পথে দিয়া মারা যান বলে তার বাবা শিহাব আহমেদ গেন্দু মিয়া গত বুধবার আদালতে মামলা করেন।
