দেশেই অপোর স্মার্টফোন কারখানা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১২:২১ এএম

বাংলাদেশে তৈরি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। এর ফলে দেশের বাজারে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে হাতে পাবেন অপো স্মার্টফোন।

এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গাজীপুরে স্থাপিত অপোর মোবাইল সংযোজন কারখানায় প্রতিবছর তৈরি হবে ১০ লাখ স্মার্টফোন। বাংলাদেশে স্থাপিত অপোর এই কারখানায় বেশকিছু মডেলের স্মার্টফোন তৈরি করা হবে। ফলে স্মার্টফোন নিয়ে নতুন সব উদ্ভাবন আরও সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এই বিনিয়োগ প্রযুক্তি খাতে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে। বাংলাদেশে স্থাপিত এই কারখানাটি বিশ্বে অপোর দশম স্মার্টফোন কারখানা।

দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও বাংলাদেশে তৈরি স্মার্টফোন রপ্তানির পরিকল্পনা রয়েছে অপোর।

ইতিমধ্যেই বাংলাদেশে সংযোজন করা এ৫এস ও এ১কে মডেলের দুটি স্মার্টফোন বাজারে আনছে অপো। দেশের বাজারে এ৫ এস মডেলের স্মার্টফোনের দাম হবে ১৩ হাজার ৯৯০ টাকা ও এ১কে মডেলের দাম হবে ১০ হাজার ৯৯০ টাকা।

বর্তমানে বাংলাদেশে ১৬ কোটি ২৩ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী এবং ৯ কোটি ২৩ লাখ ৬১ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন। দেশের বাজারে প্রতিমাসে ১০ লাখ নতুন হ্যান্ডসেন্টের চাহিদা রয়েছে। ক্রমবর্ধমান এ চাহিদার কথা মাথায় রেখেই দেশের বাজারে স্মার্টফোন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অপো। ২০১৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। স্থানীয় বাজারে পাঁচ বছর কাজ করার পর আরও সাশ্রয়ী দামে মানসম্পন্ন স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দিতে এই স্মার্টফোন সংযোজন কারখানা নির্মাণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত