তৃতীয় শ্রেণির কর্মচারীদের ৩০% মহার্ঘ ভাতা দাবি

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০১:১৫ এএম

মূল বেতনের ৩০ শতাংশ মহার্ঘ ভাতা ও ৩ হাজার টাকা চিকিৎসা ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী সমিতি। গতকাল শুক্রবার সংগঠনটির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বশেষ ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল প্রদান করা হয়। পরবর্তী বছরগুলোতে ৩২ শতাংশ মুদ্রাস্ফিতি ও ওষুধ, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় অর্থকষ্টে জীবনযাপন করছে কর্মচারীরা। তাই ৩০ শতাংশ মহার্ঘ ও ৩ হাজার টাকা চিকিৎসা ভাতার দাবি জানান সংগঠনটির নেতারা।

বক্তারা আরও বলেন, কর্মচারীদের মধ্যে বৈষম্য নিরসনে সচিবালয়ের ন্যায় অন্যান্য প্রতিষ্ঠান ও দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটরসহ সমমর্যাদার কর্মচারীদের পদবি প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তাদের বেতনস্কেল প্রদানসহ প্রযোজ্য ক্ষেত্রে স্বপদে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতনস্কেল প্রদান করতে হবে। ডিপ্লোমা নার্সদের ন্যায় সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ বেতনস্কেল প্রদানের জোর দাবি জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত