প্রগতিশীল নারী সংগঠনের দাবি

নিরাপত্তা নিশ্চিত ছাড়া বিদেশে গৃহকর্মী নয়

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০১:২১ এএম

আইনি সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী গৃহকর্মী পাঠানো বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর পল্টনের মুক্তি ভবনে প্রগতিশীল নারী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নি শিখা জামালী বলেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদি আরবের বাংলাদেশ কনস্যুলেট গৃহশ্রমিকদের নিরাপত্তা, অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়ে চরম উদাসীন। দেশে ফেরত আসা শ্রমিকরা সেখানকার দুর্বিষহ মানবিক বিপর্যয়ের বর্ণনা দিয়েছেন। কিন্তু সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।’ সংবাদ সম্মেলনে সিপিবির নারী দলের সমন্বয়ক লক্ষ্মীরানী চক্রবর্তী নারী শ্রমিক নির্যাতন বন্ধে আট দফা দাবি তুলে ধরে এ বিষয়ে আগামীকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশে নারী শ্রমিক পাঠানো হয়েছে, তাদের প্রয়োজনীয় আইনি সুরক্ষা, নিরাপত্তা নিশ্চিত, বিধি অনুযায়ী উপযুক্ত মজুরি কার্যকর করতে হবে। শ্রমিকদের শারীরিক-মানসিক অত্যাচার ও যৌন নির্যাতন বন্ধে ঢাকা-রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি নিশ্চিত করতে হবে। নিয়োগকর্তার নাম, বাড়ি ও কর্মস্থলের বিস্তারিত ঠিকানাসহ অভিবাসী নারী শ্রমিকদের সব তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে হালনাগাদ করতে হবে।

বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটে অভিবাসী নারী শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক ডেস্ক চালু করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত