ঘূর্ণিঝড় বুলবুল: অন্ধকারে মোংলা-রামপালের কয়েক হাজার পরিবার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১১:২৬ পিএম

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে স্থানীয় পল্লি বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের আওতাভুক্ত সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে মোংলা ও রামপালের হাজার হাজার গ্রাহক গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে।

অতিরিক্ত প্রায় ৩ শতাধিক জনবল নিয়োগের মাধ্যমে লাইন মেরামতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

জানা গেছে, মোংলা ও রামপাল উপজেলা নিয়ে গঠিত পল্লি বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের আওতায় মোট গ্রাহক সংখ্যা ৪৬ হাজার ৫৭০ জন। এর মধ্যে রামপাল উপজেলায় ৭টি  ফিডারের আওতাভুক্ত গ্রাহক সংখ্যা রয়েছে ৩৩ হাজার ৮০২ জন এবং মোংলায় ৫টি ফিডারের আওতায় গ্রাহক রয়েছে ১২ হাজার ৭৬৮ জন।

গত এক সপ্তাহ ধরে রামপালে সংযোগ চালু করা হয়েছে ২২ হাজার ২টি এবং মোংলাতে সংযোগ চালু করা হয়েছে ৮ হাজার ৯৪৫ টি।

দুই উপজেলাতে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ১৫ হাজার ৬২৩ জন গ্রাহক। বুলবুলের আঘাতে রামপালে বৈদ্যুৎতিক খুঁটি ভেঙেছে ৪২ টি, মেরামত করা হয়েছে ১০ টি, খুঁটি হেলে পড়েছে ৯১ টি, ঠিক করা হয়েছে ১০ টি, তার ছিঁড়েছে ৩২০ টি, মেরামত করা হয়েছে ২২০ টি। গাছ পড়েছে ৪৭৭ টি, অপসারণ করা হয়েছে ৩৮৭ টি।

মোংলায় বৈদ্যুৎতিক খুঁটি ভেঙেছে ১৪ টি, মেরামত করা হয়েছে ২ টি, খুঁটি হেলে পড়েছে ৩৯ টি, ঠিক করা হয়েছে ২৩ টি, তার ছিঁড়েছে ২৫৬ টি, মেরামত করা হয়েছে ২১১ টি। গাছ পড়েছে ২৬৩টি, অপসারণ করা হয়েছে ২২৫ টি। এই তথ্য জানিয়েছে মোংলা-রামপাল সাব-জোনাল অফিস।

সাব-জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ইমদাদুল ইসলাম বলেন, আগাম প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করার পরও ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিছু সংযোগ দিতে পেরেছি, বাকি সংযোগগুলো আগামী ২/৩ দিনের মধ্যে দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত