মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগেশ্বর এলাকায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে নারী ও শিশুসহ দুই শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৫০ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অন্তঃসত্ত্বা ডলি রানীসহ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর উপজেলার মহাকালী ইউনিয়নের বাগেশ্বর এলাকার একটি কমিউনিটি সেন্টারে গত শনিবার সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হওয়ার এ ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বরপক্ষের।
অসুস্থ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগেশ্বর দেওয়ান বাড়ি গ্রামের আসাবুদ্দিদের মেয়ে রুপা আক্তার ও একই উপজেলার পঞ্চসার গ্রামের সফিউদ্দিনের ছেলে রানা দেওয়ানের মধ্যে এ বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর থেকে কনেপক্ষের অতিথিরা খেতে বসেন। তাদের খাওয়াদাওয়া শেষে বিকেলে অনুষ্ঠানস্থলে বরপক্ষের লোকজন এসে সন্ধ্যায় খাওয়া শুরু করে। তাদের সঙ্গে কনেপক্ষের কয়েকজনও খেয়েছেন। খাওয়া শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে অনেকের পেটব্যথা শুরু হয়। অনেকে বমি করতে থাকেন। একপর্যায়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে ছুটতে থাকেন তারা। রাত বাড়তে থাকলে অসুস্থদের হাসপাতালে ভিড়ও বাড়তে থাকে। অনেকে গতকাল রবিবার সকালেও হাসপাতালে চিকিৎসা নিতে যান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, শনিবার সন্ধ্যার পর থেকে পেটব্যথা ও বমি নিয়ে অসুস্থ নারী, পুরুষ ও শিশুরা হাসপাতালে আসতে শুরু করে। তাদের মধ্যে রবিবার সকাল পর্যন্ত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
