চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকার ডিজরাফটিব টেকনোলজি বিষয়ে গবেষণার জন্য বিশেষায়িত ল্যাব স্থাপনে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।’ গতকাল রবিবার রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগামিং কনটেস্ট (আইসিপিসি) ২০১৯ এর এশিয়া-ঢাকা রিজিওনাল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তি জ্ঞাননির্ভর দেশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এজন্য দএরই অংশ হিসেবে সারা দেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৪৩ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে।’
সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতীম দেব, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, বিচারক বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ প্রমুখ।
