ভাঙল এলডিপি, অলি-রেদোয়ানের বিপরীতে আব্বাসী-সেলিম

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০১:৩০ পিএম

অবশেষে ভেঙে গেল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এলডিপির পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলন করে সাত সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করেন।

গত ৯ নভেম্বর অলি আহমদকে সভাপতি এবং রেদোয়ান আহমেদকে মহাসচিব করে এলডিপির নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন দলটির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। এরপর থেকেই মূলত দলটিতে ভাঙনের সুর ওঠে।

সাত সদস্যের সমন্বয় কমিটির সভাপতি হিসেবে আবদুল করিম আব্বাসী নাম ঘোষণা করা হয়। সদস্য সচিব করা হয়েছে শাহাদাত হোসেন সেলিমকে।

সংবাদ সম্মেলনে সেলিম বলেন, গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে জোটনেত্রী খালেদা জিয়া সরকারের রোষানলে পড়ে কারাবন্দি রয়েছেন। তাকে মুক্ত করার জন্য যখন দলমত-নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ার দরকার, তখন নিজেদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য একটি পক্ষ তৎপর হয়ে উঠেছে।

তিনি বলেন, ‘এরই মধ্যে কর্নেল অলি সাহেব তার এক বক্তব্যে পুরো বিএনপির নেতৃত্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দেন। খালেদা জিয়া কারাবন্দি এবং তারেক রহমান দেশের বাইরে থাকায় তিনি বিএনপির নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন।’

এলডিপির সাবেক এই নেতা বলেন, ‘একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে দেশের এই ক্রান্তিলগ্নে যেখানে সবাইকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস চালাবেন, সেখানে জোটের মধ্যে বিভেদ তৈরির জন্য জাতীয় মুক্তি মঞ্চ তৈরি করেন অলি আহমদ।’

তিনি বলেন, ‘শুরুতে মুক্তি মঞ্চকে খালেদা জিয়ার মুক্তির জন্য আলাদা প্ল্যাটফর্ম বলা হলেও ধীরে ধীরে তার জিয়া পরিবার আর বিএনপির বিষোদ্‌গার করার প্ল্যাটফর্মে পরিণত হয়। বিএনপির শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত আর দুর্বল করার ষড়যন্ত্র শুরু করে, যা আমাদের মতো জাতীয়তাবাদী আদর্শের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে।’

সেলিম বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান নেতা হিসেবে অলি আহমদের কাছে জাতির যে প্রত্যাশা সেটা পূরণে ব্যর্থ হয়েছে তিনি। তার আত্ম-অহমিকা, আত্মকেন্দ্রিকতা, চটুলতা এবং নেতাকর্মীদের তুচ্ছ-তাচ্ছিল্য করার প্রবণতায় প্রতিষ্ঠাকালীন যে ৩২ জন সাবেক এমপি ছিলেন, তারা এলডিপি ছেড়ে চলে গেছেন। মহাসচিব রেদোয়ান আহমেদ ছাড়া প্রতিষ্ঠাকালীন কোনো নেতাকর্মী তার সঙ্গে নাই।’

সেলিম বলেন, বিএনপি ভেঙে এলডিপি গঠন করে যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই। বিএনপি আমন্ত্রণ জানালে এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যুক্ত হবেন বলেও এক প্রশ্নের জবাবে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত