চট্টগ্রামের খুলশীতে কথিত বন্দুকযুদ্ধে ১২ বছর সাজা খেটে তিন মাস আগে ছাড়া পাওয়া আব্দুল আজিজ নামে হত্যা ও ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন।
রবিবার গভীর রাতে খুলশী থানার নাছিরাবাদ প্রোপার্টিজ লিমিটেড আবাসিক এলাকার ৪ নম্বর রোডের পশ্চিমে টিলায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড অব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী দেশ রূপান্তরকে জানান, আজিজকে ধরতে ওই এলাকায় গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও পাথর নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের প্রতিহত করলে একপর্যায়ে তারা পিছু হটে। পরে সেখানে আজিজকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
তিনি জানান, গত শুক্রবার নগরীর খুলশী থানার গরিবুল্লাহ হাউজিং সোসাইটির আরিফুল হকের বাসা থেকে স্বর্ণালংকার, দুটি মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় কয়েকজন। ওই মামলার সূত্রে সিএনজি অটোরিকশা চালক শাহজালাল, নবরত্ন জুয়েলার্সের মালিক দুর্জয় বণিক ও মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রফিক এবং শাহজালালের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা আছে।
ওসি প্রণব চৌধুরী জানান, রফিকের দেয়া তথ্যের ভিত্তিতে আজিজকে ধরতে ডেবার পাড় এলাকায় অভিযানে যায় পুলিশ। আজিজের বিরুদ্ধে একটি হত্যা মামলা ও একটি ডাকাতি মামলা আছে। জননিরাপত্তা আইনের এক মামলায় ১২ বছর সাজা খাটার পর সে তিন মাস আগে জামিনে মুক্তি পায়।
বন্দুকযুদ্ধে আজিজ নিহতের ঘটনায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যা মামলা হয়েছে।
