তৃতীয় বিভাগে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ, ভাইরাল ভিডিও

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০১:৩০ এএম

ঘরোয়া ক্রিকেট লিগে আবারো পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ উঠেছে। যা নিয়ে মাঠেই খেলোয়াড়দের ক্ষোভের মুখে পড়েছেন আম্পায়াররা। খেলোয়াড়দের ক্ষোভের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গেল ক’বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানো, পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের অভিযোগ উঠছে নিয়মিতভাবে। ২ বছর আগে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের প্রতিবাদে এক খেলায় ৪ বলে ৯২ রান খরচার ঘটনাও ঘটেছে!

এবারের ঘটনাটা ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের। গত রবিবার কামরাঙ্গীরচর চর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল ঢাকা রয়্যাল ক্রিকেটার্স। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ম্যাচটির পর রয়্যাল ক্রিকেটার্স দলের ক্রিকেটারদের ক্ষোভের মুখে পড়ে আম্পায়াররা।

ম্যাচটিতে ২০ রানে হারে রয়্যাল ক্রিকেটার্স। রেলিগেশন এড়াতে ২ দলের জন্যই ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’। আম্পায়াররা পক্ষপাত মূলকভাবে অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছেন বলে সুনির্দিষ্ট অভিযোগ তুলে রয়্যাল।

কামরাঙ্গীরচর চর স্পোর্টিং ক্লাবের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ১২৮ রানেই অলআউট হয় ঢাকা রয়্যাল। অথচ ১৪.৩ বল আগে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান, হাতে ৫ উইকেট। কিন্তু ৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে হেরে যায় দলটি।

এই ম্যাচের ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন সাইদুর রহমান ও জহিরুল ইসলাম জুয়েল। ম্যাচের পর ক্রিকেটারদের ক্ষোভের মুখো পড়েন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় আম্পায়াররা মাঠ ছাড়ার সময়ে তাদের ‘চোর’ ‘চোর’ সম্বোধন করছেন ক্রিকেটাররা। আকুল কণ্ঠে কেউ বলছেন, ‘চুরি করে ক্রিকেট খেলা হয় না।’

এমনকি ম্যাচের ক্যাপ্টেনস রিপোর্টেও আম্পায়ার জহিরুলকে ‘চোর’ বলে সম্বোধন করা হয়েছে। আম্পায়ার সাইদুর রহমান সম্পর্কে লেখা হয়েছে, ‘সে মাঠে এসেছে একটি বিশেষ দলের প্রতিনিধিত্ব করতে।’

এই ঘটনার ভিডিও নিজের নিজের ভেরিফয়েড ফেইসবুক পেজে শেয়ার করেছেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল ফতুল্লা স্টেডিয়াম - তৃতীয় বিভাগের খেলা ঢাকা রয়েল ক্রিকেটার্স বনাম কামরাঙ্গীর চর স্পোর্টিং ক্লাব। আবারো পাতানো খেলা! খেলার আগেই আম্পায়ারদের নির্দেশ দেয়া হয় কোন দলকে জিতিয়ে দিতে হবে। ঢাকা রয়েল ক্রিকেটার্স খেলোয়াড় এবং কর্মকর্তাদের ক্ষোভের বিস্ফোরণ। ‘‘চুরি করে ক্রিকেট খেলা হয় না।’’ এভাবেই ধ্বংস হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেট।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত