এসএসসির ফরম পূরণ

প্রশাসনের চাপে অতিরিক্ত টাকা ফেরত পেল শিক্ষার্থীরা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৩:৪৩ এএম

ফেনীর জেলা প্রশাসকের হস্তক্ষেপে সোনাগাজীতে এসএসসি পরীক্ষার ফরম পূরণে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলার সরকারি ছাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা গতকাল সোমবার ফেরত দেওয়া হয়।

এর আগে গত মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষার ফরম পূরণে যদি অতিরিক্ত টাকা আদায় করে তবে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। জেলা প্রশাসকের এমন ঘোষণার পর বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিল। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জয়নাল আবদীন টাকা ফেরত দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

বিদ্যালয়ের ফরম পূরণ করা একাধিক শিক্ষার্থী জানায়, তাদের কাছ থেকে ফরম পূরণ করতে বোর্ড ফি, কেন্দ্র ফি ও কোচিং ফির নামে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আদায় করা হয়েছে। তাদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়েছে। এবার বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় ১৭৭ জন অংশ নেওয়ার কথা রয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগে ১ হাজার ৯৭০ টাকা, মানবিক ও ব্যবসায় বিভাগে ১ হাজার ৮৫০ টাকা। এর বাইরে কোনো ফি নেওয়ার বিধান নেই। জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত ফি অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিষয়টি তদারক করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত