শেষ মুহূর্তে আর্জেন্টিনাকে হার থেকে বাঁচালেন মেসি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ০৯:০৫ এএম

উরুগুয়ের বিপক্ষে হারের দিকেই এগিয়ে যাচ্ছিল আর্জেন্টিনা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে দারুণ এক গোল করলেন লিওনেল মেসি। তাতে হারের লজ্জা থেকে বাঁচল লিওনেল স্কালোনির দল।

ইসরায়েলের তেল আবিবে সোমবার রাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। লুইস সুয়ারেসের পাসে খুব কাছ থেকে করা এদিনসন কাভানির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে উরুগুয়ে।

বিরতির পর সমতা ফেরায় আর্জেন্টিনা। ৬৩তম মিনিটে দলটির হয়ে গোল করেন স্ট্রাইকার সের্জিও আগুয়েরো। গোলটিতে বড় অবদান মেসির। তারকা এই ফরোয়ার্ডের ক্রস থেকে গোলপোস্টের খুব কাছ থেকে নিখুঁত হেডে জালে বল জড়ান আগুয়েরো।

১-১ সমতা বেশিক্ষণ থাকেনি। ৬৮তম মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় উরুগুয়ে। অসাধারণ এক ফ্রি-কিকে গোলটি করেন বার্সেলোনায় মেসির সতীর্থ স্ট্রাইকার সুয়ারেস। এই ব্যবধানেই শেষ হতে যাচ্ছিল খেলা।

কিন্তু শেষ মুহূর্তে নিজেদের ভুলে জয় বঞ্চিত হয় উরুগুয়ে। ডি-বক্সে দলটির ডিফেন্ডার মার্তিন কাসেরেসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে হারের লজ্জা থেকে বাঁচাতে ভুল করেননি মেসি।

তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের হয়ে মাঠে ফেরার পর দুই ম্যাচ খেলে দুটিতেই গোল করলেন মেসি। আগের ম্যাচটিতে সৌদি আরবের মাঠে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে একমাত্র গোলটি করেছিলেন ছয়বারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত