আগের দুই ম্যাচের মতো শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে ৫০ রানের জয় এনে দিয়েছেন তৌহিদ হৃদয়। এই জয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জিতল লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল।
হৃদয় আগের ম্যাচে গড়েছিলেন দেশের হয়ে যুব ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড। টানা তৃতীয় শতকে রেকর্ডটা আরও সমৃদ্ধ করলেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার ৫০ ওভারে বাংলাদেশ ৭ উইকেটে ২৮৩ রান করে। জবাবে ৪৪.৪ ওভারে ২৩৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
সর্বোচ্চ ১১১ রান করেন তৌহিদ। ১০২ বলের ইনিংসে তিনটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান চার নম্বরে নামা এই ব্যাটসম্যান।
এর আগে সিরিজের তৃতীয় ম্যাচে অপরাজিত ১২৩ ও চতুর্থ ম্যাচে ১১৫ রান করেন।
তৌহিদের সেঞ্চুরি ছাড়াও সিরিজের শেষ ওয়ানডেতে অর্ধশতকের দেখা পেয়েছেন তিন নম্বরে নামা প্রান্তিক নওরোজ নাবিল। ৭৭ বলে চারটি চার ও দুই ছক্কায় ৬৫ রান করেন তিনি। অন্যদের মধ্যে পারভেস হোসেন ৩৮ ও অভিষেক দাস ২৪ রান করেন।
বল করতে নেমে ৭ রানে ২ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে শুরুতেই চাপে ফেলে দেয় বাংলাদেশ।
তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় সফরকারীরা। মোহাম্মদ সামাজের ফিরতি ক্যাচ নিয়ে জুটি ভাঙেন শামিম হোসেন।
এই জুটির আরেক ব্যাটসম্যান রাভিন্দু রাসান্থা যতক্ষণ ছিলেন ততক্ষণ ম্যাচে ছিল সফরকারীরা। ৯২ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮৪ রান করে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে ফেরান স্পিনার হাসান মোরাদ।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে গুটিয়ে যায় লঙ্কানরা। চার জন ব্যাটসম্যান হন রানআউট।
২টি করে উইকেট নেন শাহিন আলম ও হাসান মোরাদ।
