অধিক দামে লবণ বিক্রির সময় মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১৩ লবণ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এই সময় ১৭ বস্তা লবণ জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার, বাংলাবাজার, মুন্সীরহাট, শহরের হাটলক্ষীগঞ্জ ও শহর বাজারে অভিযান চালিয়ে ওই বিক্রেতাদের আটক ও লবণ জব্দ করা হয়।
সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়লে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে বিভিন্ন হাট ও বাজারে অভিযানে নামে পুলিশের একাধিক টিম। রাত পৌনে ৮ টা পর্যন্ত শহরের হাটলক্ষীগঞ্জ, শহর বাজার, সদরের রিকাবীবাজার, বাংলাবাজার ও মুন্সীরহাটের অন্তত ২৫ টি দোকানে অভিযান চালানো হয়। এই সময় বিভিন্ন দোকানে মজুদকৃত ১৭ বস্তা লবণ জব্দ করে পুলিশ।
এ ছাড়া বাজার মূল্য থেকে বেশি দামে লবণ বিক্রির সময় ১৩ জন বিক্রেতাকেও আটক করা হয়।
