রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০৯:০৮ এএম

রাজধানী ঢাকার রায়েরবাজারে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নাদিম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত নাদিম মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি র‌্যাবের।

বুধবার ভোর ৪টার দিকে রায়েরবাজারের সিকদার মেডিকেলের পাশে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ ঘটনায় এক র‌্যাব সদস্য সামান্য আহত হয়েছেন বলেও বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়।

র‌্যাব-২ এর ডিএডি সাজিত মিয়া বলেন, ভোরে খবর পেয়ে রায়েরবাজার সিকদার মেডিকেলের পাশে অভিযানে যায় র‌্যাব-২ এর একটি দল। সেখানে গোলাগুলিতে আহত হন ওই মাদক ব্যবসায়ী।

তিনি জানান, পরে নাদিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এক র‌্যাব সদস্য সামান্য আহত হয়েছে দাবি করে এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল, একটি পিস্তল, ম্যাগজিন, ১৮০ পিচ ইয়াবা, ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত