রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের কাছে হারল ভারত

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০৯:০৩ পিএম

ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তাপ। সেটা যেকোনো খেলাই হোক না কেন। বুধবার ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং টিমস কাপের সেমিফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। দর্শকেরা উপহার পেল রুদ্ধশ্বাস এক ম্যাচ। যেখানে পাকিস্তানের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হলো ভারত ইমার্জিং দলের।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানের কাছে ৩ রানে হেরেছে ভারত। পাকিস্তান পৌঁছে গেছে ফাইনালে। একই ভেন্যুতে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তানের।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রানের পুঁজি গড়ে পাকিস্তান। জবাব দিতে নেমে ৮ উইকেটে ২৬৪ রানে থেমেছে ভারতের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৭ রান। তবে ডানহাতি পেসার আমাদ বাটের ওভারে ৪ রানের বেশি তুলতে পারেনি দলটি।

পাকিস্তানি ওপেনার ওমাইর বিন ইউসুফ ও হায়দার আলি উদ্বোধনী জুটিতে ৯০ রানের জুটি গড়েন। এরপর পাকিস্তানের মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানরাও রান পেয়েছেন। তাতেই চ্যালেঞ্জিং পুঁজি পেয়ে যায় দলটি। ওপেনার ওমাইর সর্বোচ্চ ৬৬ রান করেন। হায়দার ৪৩, সাইফ ৪৭, রোহাইল ৩৫ রান করেন।

ভারতের বোলারদের মধ্যে বল হাতে সফল শিবম মাভি, অফ স্পিনার হৃতিক শোখেন এবং সৌরভ দুবে। তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট।

২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ভারত। অধিনায়ক রবি শরথ ও আরিয়ান জুয়াল ওপেনিং জুটিতে ৩৮ বলে ৪৩ তুলে দিয়েছিলেন। আরিয়ান ১৭ রান করে আউট হয়ে যাওয়ার পরে রবি শরথ তিন নম্বরে নামা সনভীর সিংহের সঙ্গে ফিফটি প্লাস পার্টনারশিপ গড়েন। সনভীর ৯০ বলে ৭৬ করে আউট হয়ে যাওয়ার পর প্যাভিলিয়নে ফেরেন রবি শরথও। ৪৩ বলে ৪৭ রান করেন তিনি।

এরপর ৫৩ বলে ৪৬ করে ফিরে যান আরমান জাফরও। একপর্যায়ে ৩৮.১ ওভারে ২১১ তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলে দলটি। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে হার নিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত