পরিবেশ দূষণের দায়ে গতকাল বুধবার গাজীপুরের তিনটি কারখানাকে ১৩ লক্ষাধিক টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই দিনে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার দুটি ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর কার্যক্রম চালানোর মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে গাজীপুরের নর্দার্ন ফ্যাশন লিমিটেডকে ৫ লাখ ৯৯ হাজার ৪০ টাকা, সিলভার লাইন কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেডকে ৩ লাখ টাকা ও ওয়ান কম্পোজিট মিলস লিমিটেডকে ৪ লাখ ২২ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।
মারাত্মক পরিবেশ দূষণের দায়ে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার দুটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুর ১টার দিকে উপজেলার খাসমহল বালুরচর গ্রামের মেসার্স আকাশ ব্রিকস ও মেসার্স মামা ভাগ্নে ব্রিকস নামে দুটি ইটভাটায় অভিযান চালানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার আকাশ ব্রিকসের মালিক শহীদ বাউল ও মামা ভাগ্নে ব্রিকসের মালিক আবদুল জলিলকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া জানান, খাসমহল বালুরচর গ্রামের ওই দুটি ইটভাটা বেশ পুরনো। ইটভাটা দুটি মারাত্মকভাবে পরিবেশ দূষণ করে আসছিল।
