ছাত্রলীগ সভাপতি পরিচয়ে চাকরি চাইল যুবক

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৯:২৫ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের পরিচয়ে একটি বেসরকারি ব্যাংকে চাকরির সুপারিশ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রনি আমিন ওরফে সাকিব (২৯)।

বুধবার রাতে রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও ১৯টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। এসব ভিজিটিং কার্ডে সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি বাংলা কলেজ শাখা ও রাজস্ব পরিদর্শক, ঢাকা ওয়াসা, পিপিআই রাজস্ব জোন-৩ লেখা রয়েছে।

গোয়েন্দা পুলিশের এডিসি খন্দকার লেনিন সাংবাদিকদের জানান, ৩১ অক্টোবর নিজেকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিচয় দিয়ে একটি ব্যাংকের কর্তৃপক্ষকে ফোন দিয়ে চাকরি চান এ যুবক। পরে তিনি আরেকটি ফোন থেকে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে চাকরির বিষয়ে কথা বলেন এবং ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির রেফারেন্স দেন।

ডিবি পুলিশ আরো জানায়, ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ছাত্রলীগ নেতা জয় ১২ নভেম্বর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি তিনি গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্তের আবেদন জানান। পরে অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়। সে প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় দারুস সালাম থানায় একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত