আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১০:২০ পিএম

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অবস্থিত ডুকাটি অ্যাপারেলসের প্রায় ৪ শতাধিক শ্রমিক কারখানার ভেতরে এবং মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত অক্টোবর মাসের বেতন নিয়ে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে। এর আগেও বেতনের দাবিতে তারা আন্দোলন করেছেন। সে সময় কারখানা কর্তৃপক্ষ ও সরকারপক্ষ শ্রমিকদের সঙ্গে একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী গত বুধবার বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু গতকাল সকালে শ্রমিকরা কারখানায় এলে বেতন পরিশোধের জন্য আবারও সময় চাওয়া হয়। এ ঘটনায় কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেন। পরে তারা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ ঘটনায় দুপুরের পরে কর্তৃপক্ষ কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করে।

শ্রমিক নাজমা আক্তার বলেন, বকেয়া বেতন-ভাতার জন্য আন্দোলন আজই প্রথম নয়, কারখানা কর্তৃপক্ষ সব সময় বেতন নিয়ে ঝামেলা করে। বাড়ি ভাড়া, খাবার খরচ না দিতে পেরে আমাদের না খেয়ে মরে যাওয়ার অবস্থা। ডিুকাটি অ্যাপারেলস কারখানার ব্যবস্থাপনা পরিচালক সানাউল হকের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত