রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সোবহানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে তার অপসারণ দাবি করেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ। গতকাল বৃহস্পতিবার রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর উপাচার্য সিন্ডিকেট বৈঠকে নিয়োগ নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনেন। নিজের মেয়ে সানজানা সোবহানকে ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও জামাতা বিএনপি-জামায়াত পরিবারের সন্তান এ টি এম শাহেদ পারভেজকে আইবিএতে নিয়োগ দিয়েছেন। এর বাইরে আটটি বিভাগে ২৪ শিক্ষক নিয়োগ দিয়েছেন, যাদের অনেকের আগের নীতিমালায় আবেদন করার যোগ্যতাই ছিল না। এমন দুর্নীতিবাজ উপাচার্যকে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এক্রাম উল্যাহ, আইন বিভাগের সভাপতি বিশ্বজিৎ চন্দ প্রমুখ।
