অমিত শাহের বক্তব্যের প্রতিবাদে কাশ্মীরে বিক্ষোভ-ধর্মঘট

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১০:১৪ এএম

ফের উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হলো ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে। বৃহস্পতিবার অঞ্চলটিতে আকস্মিক বিক্ষোভ এবং ধর্মঘট পালিত হয়েছে।

দ্য হিন্দু জানায়, রাজ্যসভায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এমন ঘোষণায় ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা। বিক্ষোভ করতেও দেখা গিয়েছে কাশ্মীরিদের।

বৃহস্পতিবার সকাল থেকে স্থবির হয়ে পড়ে শ্রীনগরের প্রতিদিনকার ব্যস্ততা। রাজ্যটির রাজধানীর পোলো ভিউ, লালচক, হরি সিং হাই স্ট্রিট, বোহরি কাদাল, মহারাজ গুঞ্জ, কারা নগর, হাওয়াল এবং নওশেরা এলাকার মার্কেট, দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখে ব্যবসায়ীরা।

বোহরি কাদাল দোকান মালিকদের সংগঠনের একজন সদস্য নিয়াজ জান বলেন, ‘অমিত শাহের বক্তব্য উসকানিমূলক। কাশ্মীরে ১০০ দিনেরও বেশি নিরাপত্তা পরিস্থিতি জারি এবং গণপরিবহন বন্ধের বিষয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে যে, ৫ আগস্ট যা ঘটেছিল (বিশেষ মর্যাদা বাতিল) জনগণ তা মেনে নেয়নি। উপত্যকার অনুভূতিকে এড়িয়ে সংসদে তিনি মিথ্যা দাবি করেছেন।’

শ্রীনগরের পুলিশের দাবি, অজ্ঞাত কিছু যুবক মার্কেটে মার্কেটে গিয়ে দোকান বন্ধের জন্য চাপ দিয়েছে ব্যবসায়ীদের।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। গত ২৪ ঘণ্টায় একাধিক জায়গায় বিক্ষোভ ও সহিংসতা সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’

আকস্মিক ধর্মঘটের ফলে রাস্তায় যানবাহন চলাচল কমে যায়। তবে সরকারি অফিস, ব্যাংক ও পেট্রল পাম্পগুলো খোলা ছিল। তবে বিক্ষোভের আশঙ্কায় কিছু এলাকায় শুক্রবার স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত